শাহ আমানতে আড়াই কোটি টাকার সোনা উদ্ধার
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালে দুবাই থেকে আসা দুজন যাত্রীর কাছ থেকে ৫৩টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা। এর মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই যাত্রীকে আটক করা হয়েছে।
আটক হওয়া দুই ব্যক্তি হলেন মোহাম্মদ ইকবাল ও রাশেদুল ইসলাম। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার সুশান্ত পাল।
প্রথম আলো ডটকমকে সুশান্ত পাল জানান, আজ সকাল ১১টার দিকে দুবাই থেকে একটি বিমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। বিমানটির দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের তল্লাশি করা হয়। এর মধ্যে ইকবালের কোমর থেকে ২৮টি ও রাশেদুলের কোমর থেকে ২৫টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারগুলোর মূল্য প্রায় আড়াই কোটি টাকা। ওই দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঠিক ১২ দিন আগে এই বিমানবন্দরে একজন যাত্রীর কাছ থেকে ১৪৬টি সোনার বার জব্দ করে শুল্ক কর্তৃপক্ষ। উদ্ধারকৃত ওই স্বর্ণের ওজন ছিল প্রায় ১৭ কেজি। একই সঙ্গে কিছু গয়নাও জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসকট থেকে ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমানে চট্টগ্রামে আসা যাত্রী মীর মোহাম্মদ শাহনেওয়াজকে বিমান থেকে নামিয়ে আনা হয়। তাঁদের ঢাকা যাওয়ার কথা ছিল।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহাবুদ্দীন প্রথম আলো ডটকমকে বলেন, মীর মোহাম্মদ শাহনেওয়াজ ৫০ হাজার টাকার বিনিময়ে স্বর্ণ নিয়ে আসেন। কিন্তু এই চোরাচালানের পেছনে কে আছেন এখন পর্যন্ত তা জানা যায়নি।