শাহ আলমের জামিন মঞ্জুর
আয়কর ফাঁকি ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন।আয়কর ফাঁকির মামলার দুটি ধারায় শাহ আলমের পাঁচ ও তিন বছর কারাদণ্ডের রায় দেন বিচারিক আদালত। আর বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাঁর দুই বছর সাজার রায় হয়। এরপর ২০ মার্চ নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ারও আদেশ দেওয়া হয়। ২০ মার্চ শাহ আলম কারাগারে গেলেও ঘণ্টাখানেকের মধ্যেই তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। এর চার দিনের মাথায় তিনি জামিন পেলেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার এবং শাহ আলমের পক্ষে আইনজীবী আনিসুল হক, আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী মামলা পরিচালনা করেন।জাহিদ সারওয়ার বলেন, দুটি মামলায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন। আহসানুল করিম প্রথম আলোকে বলেন, আয়কর মামলায় তাঁর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত। আর বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় ছয় মাসের জামিন মঞ্জুর করা হয়েছে। ফলে তাঁর কারামুক্তিতে আইনি বাধা নেই।