শাহ আলী শপিং কমপ্লেক্সে ডাকাতি হয়নি বলে দাবি পুলিশের
রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সের একটি সোনার দোকানে দুর্বৃত্তরা হানা দিলেও কোনো স্বর্ণালংকার লুট হয়নি বলে দাবি করেছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ। তবে গত শুক্রবার ওই ঘটনার পর দোকানের মালিক দাবি করেন, ডাকাতেরা তাঁর দোকানের স্বর্ণালংকার লুট করে।ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, শাহ আলী শপিং কমপ্লেক্সের ইউরেকা জুয়েলার্সে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। গতকাল শাহ আলী শপিং কমপ্লেক্সের ইউরেকা জুয়েলার্সে গেলে দোকানের মালিক জানান, তাঁর কোনো স্বর্ণালংকার লুট হয়নি। ইমতিয়াজ আহমেদ বলেন, স্বর্ণালংকার লুট না হওয়ায় দোকান মালিক কোনো মামলাও করেননি। তবু ঘটনার তদন্ত চলছে। দুর্বৃত্তরা কেন এসেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানায়, গত শুক্রবার জুমার নামাজের পর পাঁচজন দুর্বৃত্ত ইউরেকা জুয়েলার্সে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটালে ওই দোকানের কর্মচারী সুনীল আহত হন। এদিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের সি ব্লকের জনকল্যাণ সমিতি মার্কেটের মমতা তৈয়বা নামের একটি সোনার দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার চার দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। জানতে চাইলে পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, ডাকাতি হওয়া অলংকার উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে। গত বুধবার ভোরের দিকে দোকানের শাটারের তালা ভেঙে ডাকাতেরা ১৬১ ভরি স্বর্ণালংকার লুট করে।