বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের দেওয়া নোটিশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি নোটিশটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) চারজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।গতকাল বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।জানা যায়, সম্প্রতি মুক্তাঙ্গনের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য এ দুই নেতাকে গত ২৯ জুলাই পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিশ্বাস নোটিশ দেন। ফালুর আগাম জামিন: ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির নেতা মোসাদ্দেক আলী ফালুর ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ মোসাদ্দেক আলীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।মোসাদ্দেক আলীর কৌঁসুলি আহসানুল করিম প্রথম আলোকে জানান, ২০০৭ সালের ১৩ মার্চ মতিঝিল থানায় মামলাটি করা হয়।