শাহ সিমেন্ট ও লন্ড্রি ইন্ডাস্ট্রিজকে ৪১ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের দায়ে শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ ও লন্ড্রি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানাকে মোট ৪১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী এই জরিমানা আদায় করেন।এর মধ্যে মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তাপুরে ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন শাহ সিমেন্টকে বায়ুদূষণের দায়ে ২৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে তুরাগ নদ দূষণের দায়ে ঢাকার আশুলিয়ার খেজুরবাগান এলাকায় অবস্থিত লন্ড্রি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ওয়াশিং কারখানাকে জরিমানা করা হয় ১৩ লাখ ৮২ হাজার টাকা।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের একটি দল শাহ সিমেন্ট কারখানার বায়ুমান পরীক্ষা করে বায়ুদূষণের প্রমাণ পায়। দেশের অন্যতম বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী এই কারখানাটি দৈনিক এক হাজার টন সিমেন্ট উৎপাদন করছে। কিন্তু প্রতিষ্ঠানটি বায়বীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপযুক্ত প্রযুক্তি ব্যবহার না করে সিমেন্ট উৎপাদন করছে। এতে কারখানার শ্রমিক-কর্মচারীসহ আশপাশের পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।গতকাল ঢাকায় পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট কার্যালয়ে জরিমানা করার সময় শাহ সিমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক শহীদুল্লাহ চৌধুরী। রায়ে আগামী ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন ও উন্নয়ন করে বায়ুদূষণের মাত্রা সহনীয় মাত্রায় নামিয়ে আনার নির্দেশ দেন মুনীর চৌধুরী।এদিকে পরিবেশ অধিদপ্তরের একটি দল গত সোমবার আশুলিয়ার খেজুরবাগান এলাকায় লন্ড্রি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা পরিদর্শনে গিয়ে বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) বন্ধ পায়। প্রমাণ পায়, কারখানার দূষিত তরল বর্জ্যের কারণে পাশের জলাশয় ও তুরাগ নদ দূষিত হচ্ছে। পরিদর্শনকালে সংগৃহীত নমুনা পরীক্ষা করে প্রতি লিটারে দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় ২ দশমিক ৯১ মিলিগ্রাম। এটি আদর্শ মানের চেয়ে অনেক বেশি।এসব প্রমাণ পাওয়ার পর মুনীর চৌধুরী গতকাল ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালককে ১৩ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি কারখানার ইটিপি সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেন।বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, কারখানাগুলোর ইটিপি সার্বক্ষণিক চালু রাখা শিল্পোদ্যোক্তাদের নৈতিক দায়িত্ব। এ নৈতিকতার ওপর নির্ভর করছে পরিবেশ রক্ষা। শাহ সিমেন্টের দূষণ সম্পর্কে মুনীর চৌধুরী বলেন, সিমেন্ট কারখানার নির্গত বায়বীয় বর্জ্য বাতাসে ছড়িয়ে ব্যাপক বায়ুদূষণ ঘটায়। এর কিছু অংশ নদীতে পড়ছে এবং নদীতে চলাচলরত নৌযানের যাত্রীরাও স্বাস্থ্যহানির শিকার হচ্ছেন।