শাহজাদপুর ও তাহিরপুরে দুই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে নেশার টাকা না দেওয়ায় গত সোমবার এক গৃহবধূ খুন হয়েছেন। সুনামগঞ্জের তাহিরপুরে গত মঙ্গলবার খুন হয়েছেন এক বৃদ্ধ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে গতকাল বুধবার এক কিশোরের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর;সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলার পুকুরপার গ্রামে অঞ্জনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ গত সোমবার রাতে খুন হয়েছেন। নেশার টাকা না দেওয়ায় তাঁর স্বামী রবিউল ইসলাম পিটিয়ে ও শ্বাসরোধে তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত অঞ্জনার বাবা উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মোবারক হোসেন অভিযোগ করেন, গত সোমবার সংবাদ আসে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, নিহত অঞ্জনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ওই দিনই অঞ্জনার বাবা থানায় হত্যামামলা করেছেন। তাহিরপুর (সুনামগঞ্জ): তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে কথা-কাটাকাটির জের ধরে মঙ্গলবার খেলু চান খাঁ (৬০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। তিনি শ্রীপুর বাজারের পাশের তরং গ্রামের বাসিন্দা। তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মঙ্গলবার বিকেল পাঁচটায় কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ তরং গ্রামের জাহাঙ্গীরের ছেলে হীরা মিয়া (৩০) রড দিয়ে খেলু চানের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আলমডাঙ্গায় লাশ উদ্ধারচুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের খাসাপুর মাঠ থেকে গতকাল বুধবার জাফর আলী (১৫) নামের এক কিশোরের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জাফর বাদেমাজু গ্রামের আহাদ আলীর ছেলে। আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান জানান, ঘাতকদের শনাক্ত করতে পুলিশ মাঠে নেমেছে।