শাহজাদপুর ও রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষকসহ দুই খুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্বশত্রুতার জের ধরে নজরুল ইসলাম (৬৫) নামের এক মাদ্রাসাশিক্ষক ও রায়গঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে আইয়ুব আলী (৩০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
নজরুল উল্লাপাড়ার ডিগ্রির চর গ্রামের বাসিন্দা এবং গয়হাট্টা দাখিল মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। আইয়ুব রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা।
শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, গতকাল সকালে শিক্ষক নজরুল বাড়ি থেকে গয়হাট্টা মাদ্রাসায় যাচ্ছিলেন। সাড়ে আটটার দিকে শাহবাজ মোড়ে এলে উপজেলার টেকুয়াপাড়া গ্রামের রুহুল আমিন ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রুহুল আমিন পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। এদিকে গতকাল ভোরে রায়গঞ্জ উপজেলার চানপুর গ্রামে বাড়ির পাশে আইয়ুবের লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।