শাহজাদপুর থেকে বালু উত্তোলনকারীদের উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে এনায়েতপুর-হাটপাঁচিল সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সব যন্ত্রপাতি গতকাল বুধবার উচ্ছেদ করা হয়েছে।
গতকাল বুধবার প্রথম আলোয় ‘শাহজাদপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙছে সড়ক ও স্থাপনা বিলীন হচ্ছে জমি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জনবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত দেশীয় প্রযুক্তির খননযন্ত্রসহ পাইপগুলো উচ্ছেদ করেন।
পাউবোর উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, এলাকার জনগণের অভিযোগের ভিত্তিতে আগে থেকেই বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে থানা-পুলিশের কাছে জিডি করা হয়েছিল। উপজেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছিল। সর্বশেষ গতকাল বুধবার জনবল নিয়ে বালু উত্তোলনকারীদের সব মালামাল উচ্ছেদ করা হয়েছে। খননযন্ত্র ও পাইপগুলো নিয়ে আসা হয়েছে।