শাহজাদপুর পৌর মেয়র ও কাউন্সিলর সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক ওরফে মিরু ও কাউন্সিলর মো. আবদুর রাজ্জাককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার এ-সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, একটি ফৌজদারি মামলায় শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক ও কাউন্সিলর মো. আবদুর রাজ্জাকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হওয়ায় সেটি আদালত কর্তৃক গৃহীত হয়েছে। অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় পৌরসভা আইনের ধারায় তাঁদের দুজনকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হলো। এ আদেশ অদ্য (১৯ জুন) থেকে কার্যকর হবে।

সিরাজগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান জানান, মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হওয়ার পত্র পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পত্রের অনুলিপি শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শাহজাদপুর পৌরসভাকে পাঠানো হয়েছে।

এ বছরের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক শিমুল আহত হন। পরদিন ৩ ফেব্রুয়ারি তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক, তাঁর ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তিন মাস পর গত ২ মে মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ৩৮ জনকে আসামি করে শাহজাদপুর আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক মামলার বাদীর উপস্থিতিতে শুনানি শেষে আপত্তি না থাকায় অভিযোগপত্রটি নথিভুক্ত করার নির্দেশ দেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মেয়র হালিমুল হকসহ ১০ জন কারাগারে রয়েছেন। উচ্চ আদালতের নির্দেশে তিনজন জামিনে রয়েছেন। বাকি ২৫ জন আসামি পলাতক।