শাহজাদপুর পৌর মেয়রকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ইট চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় পৌর মেয়র বাদী হয়ে আসলাম উদ্দীন, মিঠু মিয়া ও বেল্লাল হোসেন নামের তিনজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার পৌরসভা কার্যালয়ের সামনে খোলা জায়গায় সড়ক ও জনপথ বিভাগের রাখা ইট আসামিদের নির্দেশে কয়েকজন লোক চুরি করে নিয়ে শাহজাদপুর প্রেসক্লাবের পাশে জমা করছিল। পৌর মেয়র হালিমুল হক বলেন, কাজের সময় সড়কের পুরোনো ইটগুলো পৌর কার্যালয়ের সামনের খোলা জায়গায় স্তূপ করে রাখা হয়েছিল। এগুলো সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি। এগুলো চুরি করে নেওয়ায় বাধা দেওয়ায় আসামিরা হুমকি দিয়েছে। অভিযুক্ত আসলাম উদ্দীন বলেন, ‘ইটগুলো খেলার মাঠের পাশে স্তূপ করে রাখায় খেলাধুলার অসুবিধা হচ্ছিল। বিষয়টি নিয়ে মেয়রের সঙ্গে আলাপ করতে গেলে একটু কথাকাটাকাটি হওয়ায় তিনি আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।’