শাহজাদপুর সরকারি কলেজে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে গতকাল শনিবার ভাঙচুর করা হয়েছে। অভিযোগ উঠেছে, সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগের কর্মীরা ভাঙচুরের সঙ্গে জড়িত। ঘটনার পর ছাত্রলীগের উপজেলা ও কলেজের আহ্বায়ক কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানায়, বিভিন্ন দাবিতে সকালে একদল শিক্ষার্থী অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের আসবাবসহ জানালার কাচ ভাঙচুর করেন। এরপর শিক্ষার্থীরা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।কলেজের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ছাত্র সংসদ নির্বাচন দাবি করে আসছি। কিন্তু অধ্যক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করছেন না। এ ছাড়া কলেজে ভর্তির জন্য ন্যূনতম ২.৫০ জিপিএর দরকার হলেও অধ্যক্ষ অর্থের বিনিময়ে জিপিএ-১ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করছেন। অধ্যক্ষের কাছে এসব বিষয়ে কথা বলতে গেলে তিনি শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান। এসব কারণে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।’ তবে শিক্ষার্থীরা কোনো ভাঙচুর করেননি বলে তিনি দাবি করেন।শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাওলা আজম প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্তে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল জব্বারকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কলেজ ও উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে চিঠি দেওয়া হয়েছে।অধ্যক্ষ আজাদ রহমান বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি মুখ্য নয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা ভর্তিবাণিজ্য করে শিক্ষার্থী ভর্তির জন্য আমার ওপর চাপ সৃষ্টি করে। কিন্তু দাবি প্রত্যাখ্যান করায় তারা ক্ষিপ্ত হয়ে ভাঙচুর চালিয়েছে।’