শাহজাদপুরে অবৈধ সংযোগের হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ী কার্যালয়ের আওতায় শাহজাদপুর এলাকার অনেক বাড়িতে অবৈধভাবে পাইপলাইন স্থাপনের মাধ্যমে গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে। পিজিসিএলের ভ্রাম্যমাণ দলের অভিযান শেষে দাখিল করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে প্রশাসনের কাছে ম্যাজিস্ট্রেট ও পুলিশ চাওয়া হয়েছে। খুব শিগগিরই সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালানো হবে। একই সঙ্গে এসব সংযোগ প্রদানের সঙ্গে জড়িত কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিজিসিএলের প্রধান কার্যালয় সূত্র জানায়, বাঘাবাড়ী বিক্রয় শাখা কার্যালয়ের আওতায় গ্যাস-সংযোগ প্রদানের নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত দূরত্বে পাইপ স্থাপন এবং নির্দিষ্ট মাপের পাইপ না বসিয়ে চিকন পাইপ বসিয়ে সংযোগ প্রদান করা হয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্থানীয় কার্যালয়ের কর্মকর্তা আর ঠিকাদারের যোগসাজশে এই সংযোগগুলো দেওয়া হয়েছে। কোম্পানির নীতিমালা অনুযায়ী পাইপলাইন স্থাপনে প্রতিটি সংযোগের ক্ষেত্রে রাইজার উত্তোলনে সর্বোচ্চ ৫০ মিটার দূরত্ব নির্ধারিত থাকলেও ৬০ থেকে ৭২ মিটার দূরেও সংযোগ দেওয়া হয়েছে। তবে নথিপত্রে এসব তথ্য গোপন রেখে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গোলাম মোরশেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ একটি দল গত ২৬ ও ৩০ জুন শাহজাদপুর এলাকার ২০ আবাসিক গ্রাহকের সংযোগ পরিদর্শন করে ১৩টি অবৈধ সংযোগ চিহ্নিত করেন। এ সময় তাঁরা দেখতে পান রামবাড়ী মহল্লার ইকবাল হোসেনের সংযোগের ক্ষেত্রে সরকারি নথিতে নকশা অনুযায়ী এক ইঞ্চি ব্যাসের বিতরণ পাইপলাইন থেকে ৫০ মিটার দূরে পৌনে এক ইঞ্চি ব্যাসের পাইপ স্থাপন করার বিষয় উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবে ওই রাস্তায় ১ ইঞ্চি পাইপ স্থাপন করা হয়নি। শেরখালী মহল্লার সবুজ হোসেনের সংযোগের ক্ষেত্রে ৬২ মিটার দূরে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। নকশায় ২ ইঞ্চি বিতরণ পাইপ দিয়ে রাইজার উত্তোলন করার কথা থাকলেও পৌনে এক ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে সংযোগ দেওয়া হয়েছে। ওই সড়কে ২ ইঞ্চি ব্যাসের কোনো পাইপ পাওয়া যায়নি। একইভাবে ছিয়াম উদ্দীন, গোলাম মাওলা, হোসেন শহীদ সোহরওয়ার্দীসহ ১৩ জন গ্রাহকের সংযোগের ক্ষেত্রে একই ধরনের অনিয়ম ধরা পড়ে।
এর মধ্যে ইকবাল হোসেনের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। বাকি সংযোগগুলো বিচ্ছিন্নসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ৬ জুলাই গোলাম মোরশেদ লিখিতভাবে সুপারিশসহ ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রতিবেদন দাখিল করেছেন।
এ বিষয়ে গোলাম মোরশেদ বলেন, ‘আমরা দুদিন অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো চিহ্নিত করেছি। তবে এলাকায় আরও অবৈধ সংযোগ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। একটি সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। বাকিগুলোর সংযোগ বিচ্ছিন্নসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিক্রয় বিভাগকে সুপারিশ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’
এ ব্যাপারে বাঘাবাড়ী কার্যালয়ের তৎকালীন ব্যবস্থাপক (বর্তমানে বগুড়া কার্যালয়ে কর্মরত) আমিনুর রহমান গতকাল শনিবার মুঠোফোনে বলেন, ‘দু-একটা ক্ষেত্রে এ রকম হতে পারে। ঠিকাদার গ্রাহকের সঙ্গে সমঝোতা করে এ কাজ করতেও পারেন। তবে এর সঙ্গে আমি জড়িত নই। আমি নথিপত্র ঠিকমতো পেয়েছি। তাই সে সময় অনিয়ম ধরতে পারিনি।’ তবে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য টেকনিক ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের প্রতিনিধি মো. লিটনকে দুই দিনে পাঁচ থেকে সাতবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।