শাহজাদপুরে আ.লীগের বিদ্রোহী ও বিএনপির ভোট বর্জন
দু-চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ছয়টি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
সিরাজগঞ্জ পিটিআই প্রশিক্ষণ (পুরুষ) ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারাকে কেন্দ্র করে আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। জোরপূর্বক এজেন্টদের বের করে দেওয়া এবং ভোট কারচুপির অভিযোগে শাহজাদপুরে দুই মেয়র পদপ্রার্থী নির্বাচন বর্জন করেছেন। একই অভিযোগে জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ পৌর নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।
শাহজাদপুরে ভোট কারচুপি, ভোটকেন্দ্র থেকে নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুর রহিম পৃথকভাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
কাজীপুর পৌরসভার ৪ নম্বর বিএম কারিগরি কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে বহিরাগত জুয়েল রানা নামের ছাত্রলীগের এক কর্মীকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ব্যালট পেপার ছিনতাই, আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ, সিরাজগঞ্জ সদর পৌরসভার ২৯ নম্বর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারার ঘটনাকে কেন্দ্র করে আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো প্রকার অনিয়ম হয়নি। কোনো কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে।