শাহজাদপুরে আদালতের কার্যক্রম শুরু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার উপজেলা কোর্ট চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ্ শেখ মো. জহিরুল হক। উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসিবুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আমিনুল ইসলাম, সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আবদুস সালেক, মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক জোয়াদ্দার আমিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নূরুল আমিন, পিপি আবদুর রহমান প্রমুখ। দুই হাজার ১২৯টি দেওয়ানি এবং ৯৪০টি ফৌজদারি মামলা নিয়ে শাহজাদপুর উপজেলা আদালত যাত্রা শুরু করল। দেওয়ানি আদালতে সিনিয়র সহকারী জজ মো. জাহিদুল ইসলাম ও ফৌজদারি আদালতে সিনিয়র বিচারিক হাকিম মো. আসিফ ইকবাল দায়িত্ব পালন করছেন।