শাহজাদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাচরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মো. রবিউল ইসলাম ব্যাপারী (৩২)। তিনি বাচরা গ্রামের ময়েজ ব্যাপারীর ছেলে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন বছর ধরে বাচরা গ্রামের ব্যাপারী গোষ্ঠী ও জাঙ্গর গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে। কয়েক দফা গ্রাম্য সালিসে তাদের বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও তা মেটেনি।
এর জের ধরে গতকাল বিকেলে জাঙ্গর গোষ্ঠীর আবদুল মিয়া, আনসার আলী ও আবদুর রহিম পোরজনা বাজারে গেলে ব্যাপারী গোষ্ঠীর লোকজন তাঁদের মারধর করে। পরে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে জাঙ্গর গোষ্ঠীর লোকজন ব্যাপারী গোষ্ঠীর লোকজনকে মারধর করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আজ সকাল নয়টার দিকে দুই পক্ষের লোকজন ঘোষণা দিয়ে ওই গ্রামের রশিদ প্রামাণিকের বাড়ির চত্বরে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা সড়কি, লাঠি, ছুরি, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়।
প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে দুই পক্ষের ২৫ জন আহত হয়। গুরুতর আহত ব্যাপারী গোষ্ঠীর রবিউলকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আহত অন্যদের সিরাজগঞ্জ, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর ওই গ্রামে ব্যাপক লুটপাট শুরু হয়। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরজনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) আমজাদ হোসেন প্রথম আলোকে জানান, সংঘর্ষের পর উভয় পক্ষের বাড়িতে হামলা চালিয়ে গরু-ছাগল, ধান-চাল লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া বেশ কয়েকটি ঘরবাড়িও ভাঙচুর করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নূর ইসলাম, চন্দন মিয়া ও রঞ্জিতা বেগমকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।