শাহজাদপুরে আবার অ্যানথ্রাক্সে সাতজন আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আবারও অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা গতকাল সোমবার মশিপুর উত্তরপাড়া গ্রামের নারী ও শিশুসহ সাতজনকে অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে শনাক্ত করেছেন।

আক্রান্ত ব্যক্তিরা হলেন মোসাম্মৎ হেলেনা খাতুন (৩৫), সানোয়ার হোসেন (২৮), আবির হোসেন (৫), রবিউল ইসলাম (২৫), মেরাজ উদ্দীন (১৫), বেল্লাল হোসেন (১১) ও নাজমুল হক (১৫)। রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মশিপুর উত্তরপাড়া গ্রামের আবদুল্লাহ বলেন, গ্রামের জাহের আলী শেখের একটি অসুস্থ গাভি ৩ জুলাই স্থানীয় একটি মাঠে জবাই করা হয়। কম দামে এর মাংস এলাকার লোকজন ভাগাভাগি করে নেয়। এ ছাড়া ফুটবল খেলার সময় মেরাজ, বেল্লাল ও নাজমুলের শরীরে ওই গাভির রক্ত লাগে। এরপর কয়েক দিনের মধ্যে তাঁদের শরীরে ক্ষতের সৃষ্টি হয়। সেই সঙ্গে ওই গাভির মাংস রান্না, ধোয়া ও কাটার কাজে যুক্ত ব্যক্তিদের হাত, বাহু, পেট ও বুকে ফোঁড়ার মতো দেখা দেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে শনাক্ত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনোয়ার হোসেন বলেন, গতকাল সাতজন রোগীকে শনাক্ত করার পর চিকিৎসা দেওয়া হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। অ্যানথ্রাক্সে আক্রান্ত গবাদিপশুর মাংস কাটা, রান্না, ধোয়ার সময় এর রক্ত বা রক্তমিশ্রিত পানি মানুষের রক্তের স্পর্শে এলে তারা এ রোগে আক্রান্ত হতে পারে। তবে দুই সপ্তাহের চিকিৎসায় এই রোগ ভালো হয়ে যায়। ওই গ্রামের আরও কোনো বাসিন্দা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে কি না, তা শনাক্ত করতে আজ মঙ্গলবার থেকে একটি চিকিৎসক দল পর্যবেক্ষণ করবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাই বলেন, অসুস্থ গাভিটির মালিক লোভে পড়ে জবাই করে মাংস বিক্রি করেন। ওই এলাকার বেশ কয়েকটি রেফ্রিজারেটর থেকে অসুস্থ ওই গরুর মাংস উদ্ধার করে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে। এলাকায় সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ বলেন, রোগাক্রান্ত গবাদিপশু জবাই করা আইনত দণ্ডনীয় অপরাধ। এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।

এ সাতজনসহ গত দুই মাসে উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্তের সংখ্যা ৭৮-এ দাঁড়াল।