শাহজাদপুরে আবারও অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত ১৩ জন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আবারও অ্যানথ্রাক্স রোগীর সন্ধান মিলেছে। গত দুই দিনে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপজেলার চরকৈজুরি নতুনপাড়া গ্রামে ১৩ জন রোগীকে শনাক্ত করেছেন।
শাহজাদপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ৮ আগস্ট সোমবার শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের পুর্ব-চরকৈজুরি গ্রামের একটি গরু অসুস্থ হয়ে পড়ে। গরুটিকে জবাই করে গ্রামবাসী কম দামে মাংস ভাগাভাগি করে নেন। এ গরু জবাই, মাংস কাটাছেঁড়া ও রান্নাবান্নার কাজে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের মধ্যে ১৩ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়। প্রথম দিকে এঁদের শরীরে সামান্য ক্ষতের সৃষ্টি হয়। সেখান থেকে ফুসকুড়ি উঠে ক্ষতটি বড় আকার ধারণ করে। প্রাথমিক চিকিৎসায় ভালো না হওয়ায় দুজন রোগীকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, ওই দুজন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত। পরে আজ শুক্রবার ওই গ্রামে পর্যবেক্ষণ করে আরও ১১ জন রোগীকে শনাক্ত করা হয়।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদিপশুর মাংস কাটাছেঁড়া, রান্না ও ধোয়ার সময় পশুর রক্ত বা রক্তমিশ্রিত পানি যেকোনো উপায়ে মানুষের রক্তের সংস্পর্শে আসলে অ্যানথ্রাক্স রোগ ছড়াতে পারে। তবে দুই সপ্তাহের চিকিৎসায় এ রোগ ভালো হয়। আতঙ্কের কোনো কারণ নেই। রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগের একটি দল ওই গ্রামে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।
শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস ছামাদ বলেন, এলাকায় পরিদর্শন করে বিভিন্ন বাসা থেকে ফ্রিজে রাখা গরুর মাংস উদ্ধার করে ফেলে দেওয়া হয়েছে। এলাকায় সচেতনতা বৃদ্ধিতে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ বলেন, রোগাক্রান্ত গবাদিপশু জবাই করা আইনগত দণ্ডনীয়। ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।