শাহজাদপুরে আবারও ১৩ অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নতুন করে আবারও ১৩ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা চর পূর্ব কৈজুরী গ্রাম থেকে গত দুদিনে ওই রোগীদের শনাক্ত করেন।
রোগীরা হলেন হামিদা বেগম (৬৫), আঁখি খাতুন (৮), ইয়ামিন হোসেন (৬), পলাশ মিয়া (২৫), জামিনা খাতুন (২), পোরজনা খাতুন (৩৫), হাসনা বেগম (২২), আলামীন শেখ (১৩), স্বপ্না খাতুন (১৫), মরিয়ম বেগম (২৯), তাঁর মেয়ে নূপুর খাতুন (৮), হাসি খাতুন (৩) ও ছেলে তামিম হোসেন (৪)।
শাহজাদপুর প্রাণিসম্পদ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর পূর্ব কৈজুরী গ্রামে ৮ আগস্ট নজরুল ইসলামের একটি গরু অসুস্থ হয়ে পড়লে গ্রামবাসী তা জবাই করে কম দামে মাংস ভাগাভাগি করে নেয়। মাংস ভাগ করে নেওয়া ব্যক্তিদের মধ্য থেকেই ওই ১৩ জন রোগী শনাক্ত হয়েছেন।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে দুই রোগী চিকিৎসা নিতে এলে তাঁদের শরীরের ক্ষত দেখে অ্যানথ্রাক্সের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য বিভাগের লোকজন ওই গ্রামে অনুসন্ধান চালিয়ে বাকি ১১ জন রোগীকে শনাক্ত করেন।
মনোয়ার হোসেন আরও বলেন, অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদিপশুর মাংস কাটা-ছেঁড়া, রান্না কিংবা ধোয়ার সময় এর রক্ত বা রক্তমিশ্রিত পানি কোনো উপায়ে কারও রক্তের সংস্পর্শে এলে ওই ব্যক্তি অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হতে পারেন। তবে দুই সপ্তাহের চিকিৎসায় এ রোগ ভালো হয়ে যায়।
আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করে শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সামাদ বলেন, চর পূর্ব কৈজুরী গ্রাম থেকে মাংসের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জের আঞ্চলিক রোগ অনুসন্ধান ও গবেষণাগারে পরীক্ষা করে অ্যানথ্রাক্সের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ বলেন, রোগাক্রান্ত গবাদিপশু জবাই করা আইনত দণ্ডনীয়। ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।
এর আগে গত মে মাসেও অসুস্থ গরুর মাংস কাটা ও নাড়াচাড়া করায় শাহজাদপুর উপজেলার চর পূর্ব কৈজুরী ও নন্দলালপুর গ্রামে বেশ কয়েকজন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছিলেন।