শাহজাদপুরে আরও তিনজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুটি ইউনিয়নে গতকাল শুক্রবার আরও তিনজন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান মিলেছে। এ নিয়ে গত এক সপ্তাহে জেলায় ৪৮ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হলো। আক্রান্ত রোগীরা হলেন শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের আবু হানিফ মোল্লা (৫০) ও তাঁর স্ত্রী টুলু বেগম (৩৫) এবং কায়েমপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামের নাসিমা বেগম (৩০)।সিভিল সার্জন নাজিম উদ্দিন খান বলেন, বড় মহারাজপুর গ্রামের হানিফ মোল্লার একটি ছাগল গত ২৬ মে অসুস্থ হওয়ার পর বাড়ির লোকজন তা জবাই করে। যাঁরা ওই ছাগলের মাংস কেটেছিলেন, তাঁদের মধ্যে দুজন এবং চকহরিপুর গ্রামের একজন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ আলীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একদল প্রতিনিধি গতকাল শুক্রবার শাহজাদপুরের সড়াতৈল এবং উল্লাপাড়া উপজেলার সাতবিলা গ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত এলাকা পরিদর্শন করে। তারা অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীদের অবস্থা দেখে এবং আক্রান্ত এলাকা থেকে ১৩টি গবাদিপশুর রক্তের নমুনা সংগ্রহ করে। একই সঙ্গে তারা অসুস্থ কোনো গবাদিপশু জবাই না করে লোকজনকে স্থানীয় প্রাণিসম্পদ দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেয়। প্রতিনিধিদলে আরও ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের প্রধান কারিগরি উপদেষ্টা ইয়ামাগা ম্যাট, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মোছাদ্দেক আলী, পরিচালক (সম্প্রসারণ) পার্থরতি সরকার, উপপরিচালক রণজিৎ চক্রবর্তী। তাঁদের সঙ্গে প্রাণিসম্পদ বিভাগের জেলা ও উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহাপরিচালক মো. আশরাফ আলী সাংবাদিকদের বলেন, অ্যানথ্রাক্স আক্রান্ত এলাকাসহ আশপাশের গ্রামগুলোতে অ্যানথ্রাক্স রোগের প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ বিভাগের সব মাঠকর্মী এলাকায় আছেন। এ নিয়ে আতঙ্কের কারণ নেই।শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘অ্যানথ্রাক্সে আক্রান্ত হলে বা কোনো প্রাণী মারা গেলেও অনেকেই আমাদের জানান না, গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করেন। অ্যানথ্রাক্সে আক্রান্ত প্রাণীর মৃত্যুর সঙ্গে সঙ্গে মাটিতে পুঁতে ফেলতে হবে। নিয়মটি অনেকে না মেনে অসুস্থ প্রাণী জবাই করে মাংস বিক্রি করেন। যে কারণে অ্যানথ্রাক্স রোগের বিস্তার হয়।’