শাহজাদপুরে আরও পাঁচজন অ্যানথ্রাক্সে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গতকাল রোববার আরও পাঁচজন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই নিয়ে তিন দিনে এই রোগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১।নতুন করে আক্রান্ত রোগীরা হলেন উপজেলার রূপবাটি ইউনিয়নের কুঠিবাড়ী গ্রামের চাঁদ মিঞা (৫৫), তরিকুল ইসলাম (২২) ও হোসেন আলী (৪৫) এবং কায়েমপুর ইউনিয়নের চক হরিপুর গ্রামের হেলাল উদ্দিন (৩৫) ও জাকিরুল ইসলাম (২৬)।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আউয়াল জানান, কুঠিবাড়ী গ্রামের চাঁদ মিঞার একটি ছাগল ২১ মে অসুস্থ হয়ে পড়লে সেটি জবাই করা হয়। মাংস খাওয়ার পর ২৫ মে চাঁদ মিঞা, তরিকুল ইসলাম ও হোসেন আলীর শরীরে ক্ষত দেখা দেয়। গতকাল তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। অপরদিকে মহিষের মাংস কাটাছেঁড়া করে এই রোগে আক্রান্ত হয়েছেন হেলাল ও জাকিরুল।প্রাণিসম্পদ বিভাগের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিধান চন্দ্র দাস শনিবার রাতে উপজেলার সড়াতৈল গ্রাম পরিদর্শন করে ১৫টি গরুর নমুনা সংগ্রহ করেছেন। ঢাকায় এই নমুনার পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে—এসব পশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে কি না। উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসিবুর রহমানের সভাপতিত্বে শনিবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে এক জরুরি সভা হয়েছে। সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রধান করে রোগ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। তা ছাড়া প্রাণিসম্পদ বিভাগ ও মিল্ক ভিটার চিকিৎসকদের যৌথ সমন্বয়ে সব গবাদিপশুকে টিকা দেওয়ার কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, শাহজাদপুরে বর্তমানে তিন লাখ ৫৪ হাজার গরু, ৭৫ হাজার ছাগল ও ৪৯ হাজার ভেড়া রয়েছে। যথেষ্ট টিকা মজুদ থাকলেও এই বিপুলসংখ্যক প্রাণী দেখাশোনা করার মতো পর্যাপ্ত লোকবল নেই জানিয়ে তিনি কর্তৃপক্ষের প্রতি জনবল বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিল্ক ভিটার সঙ্গে সমন্বয় করে আক্রান্ত এলাকায় এরই মধ্যে টিকাদান কর্মসূচি শেষ করা হয়েছে। সিভিল সার্জন নিজাম উদ্দীন খান জানান, এ পর্যন্ত ৩০ জন রোগীকে চিকিৎসাসেবাসহ ওষুধ সরবরাহ করা হয়েছে। আক্রান্ত এলাকায় জনসচেতনতা বাড়াতে প্রচারপত্র ও মাইকিং শুরু করা হয়েছে। তিনি বলেন, এটি কোনো ছোঁয়াচে রোগ নয়, এক সপ্তাহের চিকিৎসাতেই এই রোগ ভালো হয়ে যায়। জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মিল্ক ভিটার ব্যবস্থাপক সদস্য ইদ্রিস আলী জানান, প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে আক্রান্ত গ্রামসহ মিল্ক ভিটার আওতাধীন সব গবাদিপশুকে টিকার আওতায় আনার কাজ চলছে। ইতিমধ্যে সড়াতৈল গ্রামে টিকা দেওয়া শেষ হয়েছে। বাকি গ্রামগুলোতে কর্মসূচি চলছে।