শাহজাদপুরে আরও ১১ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তিনটি গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও ১১ জন রোগী শনাক্ত করা হয়েছে। আজ রোববার ও গতকাল শনিবার ওই তিন গ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল এসব রোগীকে শনাক্ত করে। এ নিয়ে উপজেলায় ২৪ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হলো।

আক্রান্ত রোগীরা হলেন চর পূর্ব-কৈজুরী গ্রামের মোজাফ্ফর আলী (৩০), আল-আমিন (১৩), শাহীন হোসেন (১০), আলমগীর হোসেন (৩২), তারা মিয়া (৩০), লালচাঁদ মিয়া (২০), মায়া খাতুন (৪০), ডলি খাতুন (৪৩), স্বপন মিয়া (১০), গোপালপুর গ্রামের ফরিদা খাতুন (৩০) ও উল্টাডাব গ্রামের হাসি খাতুন (২৭)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার থেকে আজ পর্যন্ত ওই তিন গ্রামের বিভিন্ন বাড়িতে পর্যবেক্ষণ চালানো হয়। এ সময় বিভিন্ন রোগীর ক্ষত পরীক্ষা করে অ্যানথ্রাক্স রোগ শনাক্ত করা হয়।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাফরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার থেকে প্রথম দফায় ১৩ জন ও আজ দ্বিতীয় দফায় আরও ১১ জনসহ মোট ২৪ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। তাঁদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই ভালো হয়ে উঠছেন।

৮ আগস্ট চর পূর্ব-কৈজুরী গ্রামের নজরুল ইসলাম একটি অসুস্থ গাভি জবাই করে মাংস বিক্রি করেন। যাঁরা ওই মাংস কাটা ও রান্নার কাজ করেছেন, তাঁরা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হন।