শাহজাদপুরে আরও ১১ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর পূর্ব-কৈজুরীসহ তিনটি গ্রামে আরও ১১ জন অ্যানথ্রাক্স আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার চর পূর্ব-কৈজুরী, গোপালপুর ও উল্টাডাব গ্রাম ঘুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল ওই অ্যানথ্রাক্স রোগীদের শনাক্ত করে।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাফরুল ইসলাম বলেন, এর আগে প্রথম দফায় ১৩ জন এবং গতকাল রোববার পর্যন্ত দ্বিতীয় দফায় আরও ১১ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত চার দিনে ২৪ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হলেন ওই এলাকায়। আক্রান্তদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সবাই সুস্থ হয়ে উঠছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা এবং স্থানীয় লোকজন বলেন, শনিবার ও রোববার তিনটি গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে বাসিন্দাদের পরীক্ষা করে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিদল। এ সময় বিভিন্ন রোগীর ক্ষত পরীক্ষা করে অ্যানথ্রাক্স রোগ শনাক্ত করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সামাদ বলেন, ৮ আগস্ট চর পূর্ব-কৈজুরী গ্রামের নজরুল ইসলাম তাঁর একটি অসুস্থ গাভি জবাই করে মাংস বিক্রি করেন। যাঁরা ওই মাংস কাটা ও রান্নার কাজ করেন, তাঁরা একে একে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হন।