শাহজাদপুরে কাপড়ের হাট সরগরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে উত্তরবঙ্গের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত কাপড়ের হাটটি সরগরম হয়ে উঠেছে। ক্রেতা-বিক্রেতাদের জমজমাট উপস্থিতিই জানান দিচ্ছে হাটের ব্যস্ততার। বিক্রেতাদের মুখে দীর্ঘদিন পর হাসি ফুটে উঠেছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটজুড়ে রয়েছে দেশীয় শাড়ি ও লুঙ্গির বিপুল সমারোহ। একসময় ভারতীয় শাড়ির প্রাধান্য থাকলেও দেশীয় শাড়ির কাছে এখন তারা হার মেনেছে। ভারতীয় সিল্ক আর পাকিস্তানি জর্জেট শাড়িকে পেছনে ফেলে এখন বাঙালি নারীদের পছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছে শাহজাদপুরের তাঁতের শাড়ি।
শাহজাদপুরের মুকুল কটেজ ইন্ডাস্ট্রিজের মালিক আবদুর রউফ বুলবুল বলেন, প্রতি সপ্তাহে কারখানায় ২০০টি করে শাড়ি তৈরি হচ্ছে। একটি শাড়ি বানাতে একজন দক্ষ শ্রমিকের চার দিন সময় লাগে। এবার ঈদ উপলক্ষে বোনা নতুন নতুন ডিজাইনের তাঁতে তৈরি শাড়ির নাম রাখা হয়েছে ফুলকলি, রোজভেলি, রেডরোজ, রানীমা, রজনী, রাজবধূ, পিউরি, উপমা, ঝলক, শিবনি, মৌনতা, পূর্ণতা, কোহেলী, উলফা, ঝিলিক, পাখিসহ আরও অনেক নাম।
শাহজাদপুরের তাঁত ব্যবসায়ী আলতাফ হোসেন, নজরুল ইসলাম ও আবদুল করিম বলেন, সম্প্রতি উপকরণের মূল্য বৃদ্ধি ও উৎপাদন কম হওয়ায় গত বছরের তুলনায় কাপড়ের দাম এবার কিছুটা বেড়েছে।
তাঁত শাড়ির মোটিভ, সুতা ইত্যাদি নিয়ে গবেষণাকারী মোবারক হোসেন বলেন, শাহজাদপুরসহ বৃহত্তর পাবনা জেলায় তাঁতে তৈরি কাপড়ের বাজারে মন্দা থাকায় এ দেশের তাঁতশিল্প বিপর্যায়ের মুখে পড়েছে। এবার ঈদে স্থানীয় তাঁতিরা তাঁদের উৎপাদিত শাড়ি বিক্রি করতে পারলে তাঁতে তৈরি শাড়ির বাজারে চলমান মন্দাভাব অনেকটাই কেটে যাবে বলে তাঁরা মত প্রকাশ করেন। এবার ঈদ সামনে রেখে বিক্রিবাট্টা ঠিকমতো হলে শুধু শাহজাদপুরের কাপড়ের হাটকে কেন্দ্র করেই কয়েক হাজার কোটি টাকার লেনদেন হবে।
গত শনিবার শাহজাদপুর হাট ঘুরে দেখা গেছে, হাজার হাজার মানুষের ভিড়। বছরের অন্য সময়গুলোতে হাটটিতে এত ক্রেতা কোনো দিনই দেখা যায়নি। ক্রেতাদের ভিড়ে বিক্রেতাদের দম ফেলার ফুসরত জুটছে না।
বিক্রেতাদের মধ্যে হাটে উপস্থিত তাঁতি গোলাম মোর্শেদ বলেন, ‘এক মাস আগে কেউ কাপড় দামই করেনি। এখন অনেক ক্রেতা দামদর করছে। তবে একটু ধীরেসুস্থেই বিক্রি করছি।’
হাটে এসেছেন ঢাকার ব্যবসায়ী অরূপ রায়। তিনি হাট থেকে তাঁতের শাড়ি, কাপড় ও লুঙ্গি কিনবেন। তিনি বলেন, এবার বিগত বছরের তুলনায় তাঁর দোকানে বেচা-কেনা বেশি হয়েছে। তাই এবার হাট থেকে একটু বেশি করে মালামাল কেনার ইচ্ছা রয়েছে তাঁর। ক্রেতাদের সংখ্যা বেশি থাকলেও দাম কমই মনে হচ্ছে এ ব্যবসায়ীর।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ বলেন, শাহজাদপুরের কাপড়ের হাট পুরো সিরাজগঞ্জসহ দেশের ঐতিহ্য। এ হাটের সঙ্গে কয়েক লাখ ব্যবসায়ী ও শ্রমিকদের জীবন-জীবিকা জড়িত। এই হাটে ব্যবসা ভালো হওয়া মানে দেশের রাজস্ব বাড়া। তিনি আরও জানান, এবার শাহজাদপুর কাপড়ের হাটসহ সব ব্যবসাপ্রতিষ্ঠানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।