শাহজাদপুরে চারজন অ্যানথ্রাক্সে আক্রান্ত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী পশ্চিমপাড়া গ্রামে চারজন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। তাঁদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীরা হলেন সোনাই প্রামাণিক (২২), লিটন হোসেন (১৯), রহিমা খাতুন (২৫) ও নয়ন মিয়া (২০)। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে সোনাই প্রামানিক ও লিটন হোসেন হাতে ক্ষত নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসক প্রাথমিকভাবে পরীক্ষা করে অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তাঁদের ওষুধ দেন। পরে একটি মেডিকেল দল বাঘাবাড়ী পশ্চিমপাড়ায় গিয়ে আরও দুজন রোগীর সন্ধান পায়। রোগীরা জানান, গত ২৭ ফেব্রুয়ারি ওই গ্রামের আবদুল জলিলের একটি অসুস্থ গাভি জবাই করে মাংস তাঁরা সবাই ভাগাভাগি করে নেন। তাঁরা মাংস কাটাকাটি করেছিলেন। তিন দিন পর হাতে ফোসকা ওঠে। শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবদুর রহমান জানান, প্রাথমিকভাবে দুজনকে পরীক্ষা করে অ্যানথ্রাক্স রোগ বলে নিশ্চিত হওয়া গেছে।