শাহজাদপুরে চোর সন্দেহে গণপিটুনি একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। এলাকাবাসী গতকাল শনিবার চোর সন্দেহে তাঁকে গণপিটুনি দেয়। নিহত ব্যক্তির নাম আবদুল হালিম (৩৫)। তিনি শাহজাদপুর উপজেলার শেরখলী গ্রামের নইদা চাঁদের ছেলে।শাহজাদপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল ভোরে আবদুল হালিম উপজেলার দরগারচর কাজীপাড়া এলাকার রইস উদ্দিন ওরফে ছক্কার মুদি দোকানে চুরি করতে ঢোকেন। এ সময় ওই এলাকায় মাছ ধরার কাজে নিয়োজিত জেলেরা তাঁকে দেখতে পেয়ে ধাওয়া করেন। পরে এলাকাবাসী তাঁকে ধরে গণপিটুনি দেয়। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার দাবি করেন, হালিমের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় চোর হিসেবে পরিচিত। এ ঘটনায় দোকানদার রইস উদ্দীন বাদী হয়ে চুরির অভিযোগে একটি মামলা এবং নিহত হালিমের ভাই একটি অপমৃত্যু মামলা করেছেন।