শাহজাদপুরে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুলছাত্র নিহত ও আরও দুই কিশোর আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম রাকিব শেখ (১৪)। সে পৌর সদরের রূপপুর দক্ষিণপাড়া মহল্লার আবু সাঈদের ছেলে ও শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। আহত কিশোরেরা হলো একই এলাকার মুকুল শেখের ছেলে নিরবাচন আলী (১৩) ও নায়েব আলীর ছেলে রিফাত রহমান (১৪)। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই মহল্লার বৈদ্যুতিক লাইনে গত শুক্রবার রাতে শর্টসার্কিট হয়। গতকাল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা সেটি মেরামত করেন। মেরামত শেষে বিদ্যুৎ সরবরাহ চালু করলে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে একটি তার ছিঁড়ে নিচে পড়ে। এ সময় নিচে দাঁড়িয়ে থাকা তিন কিশোরের ওপর তারটি পড়লে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই রাকিব নিহত হয়। নিরবাচন ও রিফাত গুরুতর আহত হয়। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী লাশ নিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।