শাহজাদপুরে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হাফিজুর রহমান (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। গতকাল সোমবার দুপুরে উপজেলার জিগারবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই গ্রামের আবদুল করিমের ছেলে হাফিজুর রহমানের সঙ্গে একই গ্রামের আবদুল মিয়ার দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল হাফিজুরের আবাদ করা মাষকলাইয়ের জমিতে আবদুল মিয়ার লোকজন গরু নিয়ে খাওয়াতে যান। এ সময় হাফিজুর ও তাঁর লোকজন তাঁদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় হাফিজুরের মাথায় ইটপাটকেলের আঘাত লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াজদানী জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হাফিজুর রহমানের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।