শাহজাদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরবাড়ি-বগুড়া মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও একজন আহত হয়েছেন। হতাহত লোকজন সবাই অটোরিকশার যাত্রী।
আজ বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে উপজেলার মশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীরা হলো অটোরিকশার চালক উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া গ্রামের সামসুল আলম (৩৫), শাহজাদপুর উপজেলার কাদই বাদলা গ্রামের সেলিম মিয়া (৩৫), হরিরামপুর গ্রামের আবদুল করিমের ছেলে হাসান আলী (৪) ও অজ্ঞাত একজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমান সিমেন্ট কোম্পানির মালবাহী একটি ট্রাক উপজেলার বাঘাবাড়ী এলাকা থেকে উল্লাপাড়া কারখানার দিকে যাচ্ছিল। মশিপুর গ্রামের কাছে উল্লাপাড়া থেকে শাহজাদপুরের দিকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ তিনজন নিহত ও দুজন আহত হয়। আহত যাত্রীদের শাহজাদপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী জানান, লাশগুলো বিকৃত হয়ে গেছে। এখনো একজনের পরিচয় জানা যায়নি। উল্লাপাড়ায় রেলস্টেশনের কাছে ট্রাকটি রেখে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।