শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম ব্যাপারী (৩২)। তিনি বাচরা গ্রামের ময়েজ ব্যাপারীর ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে নূর ইসলাম, চন্দন মিয়া, রনজিতা বেগমসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন বছর ধরে উপজেলার পোরজানা ইউনিয়নের বাচরা গ্রামের ব্যাপারী গোষ্ঠী মোক্তার হোসেন ও সামসাদ হোসেনের সঙ্গে জাঙ্গর গোষ্ঠীর নূর ইসলাম ও চন্দনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েক দফায় গ্রাম্য সালিসে মীমাংসা করা হয়। একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে। এর পরও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা থেকে যায়। এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে জাঙ্গর গোষ্ঠীর কয়েকজন পোরজনা বাজারে গেলে ব্যাপারী গোষ্ঠীর লোকজন তাদের মারপিট করে। এ ঘটনার পর সন্ধ্যার দিকে ব্যাপারী গোষ্ঠীর লোকজন বাড়ি ফেরার পথে জাঙ্গর গোষ্ঠীর লোকজন তাদের মারধর করে। এ নিয়ে গতকাল সকাল নয়টার দিকে উভয় পক্ষের মধ্যে আবার ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। গুরুতর আহত ব্যাপারী গোষ্ঠীর রবিউলকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর গ্রামে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অন্যদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।