শাহজাদপুরে দুই হাজার ৩২৫ লিটার নকল দুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকা থেকে গত বুধবার ৪৭ ক্যান (২৩২৫ লিটার) নকল দুধ জব্দ করে পরে তা নষ্ট করে দেওয়া হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, বুধবার পাবনা জেলার বেড়া ও সরিষা এলাকা থেকে দুধ নিয়ে বগুড়া জেলার ধাপেরহাট হাজরা দীঘি কারখানায় যাচ্ছিল গ্রামীণ বাংলা দুধ কোম্পানির একটি কাভার্ড ভ্যান। ভ্যানটি নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় থামিয়ে আরও দুধ সংগ্রহ করছিল।
এ সময় পুলিশের একটি দল কাভার্ড ভ্যান থেকে দুধভর্তি ৪৭টি ক্যান জব্দ করে। পরে ওই দুধের নমুনা স্থানীয় একটি দুগ্ধ কারখানায় পরীক্ষা করে জানা যায়, এগুলো নকল দুধ।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিন জানান, স্থানীয়ভাবে দুধ পরীক্ষা করে নকল দুধ হিসেবে নিশ্চিত হওয়া গেছে। কাভার্ড ভ্যানের লোকজন পলাতক থাকায় উদ্ধারকৃত ৪৭ ক্যান দুধ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতেই শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছে।