সিরাজগঞ্জের শাহজাদপুর শহরে এক সপ্তাহ ধরে চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার প্রতিবাদে মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে এসব কর্মসূচি পালন করেন। এ কারণে সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর শহরের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। বিক্ষোভরত ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ ধরে শাহজাদপুর শহরের ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি এবং বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে গতকাল সকালে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে থানা চত্বরে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আবদুল হাকিম সরকার ও মাসুদ খান। শাহজাদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, চুরির ঘটনাগুলো তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।