শাহজাদপুরে পাঁচজন অ্যানথ্রাক্সে আক্রান্ত
সিরাজগঞ্জের শাহজাদপুরে পাঁচজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা গতকাল সোমবার তাঁদের শনাক্ত করেন।তাঁরা হলেন উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. হেলাল শেখ (২৫), বড়বিন্যাদাইর গ্রামের বুলবুলি খাতুন (৪৭), হাফিজুল ইসলাম (১৫), দুলাল হোসেন (১০) ও নয়ন ইসলাম (১২)।শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠকর্মীদের তদারককারী কর্মকর্তা আফছার আলী জানান, এক সপ্তাহ আগে হেলাল শেখ বেড়া বাজার থেকে গরুর মাংস কিনে আনেন। কয়েক দিন পর তাঁর নাকের কাছে ক্ষতের সৃষ্টি হয়। এ কারণে স্বাস্থ্য বিভাগের এক মাঠকর্মী তাঁকে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁর অ্যানথ্রাক্স হয়েছে বলে নিশ্চিত করেন।আফছার আলী আরও জানান, গত ২৫ মার্চ বড়বিন্যাদাইর গ্রামের মাহতাব উদ্দীনের একটি অসুস্থ ছাগল জবাই করা হয়। পরে ছাগলের মাংস প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কয়েক দিন পর বুলবুলি, হাফিজুল, দুলাল ও নয়নের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। গতকাল ওই গ্রামের স্বাস্থ্যকর্মী শিল্পী খাতুন তাঁদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁদের অ্যানথ্রাক্স রোগ হয়েছে বলে নিশ্চিত করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহমান জানান, পাঁচজনই অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত, সবাইকে বিনা মূল্যে ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়েছে। শিগগিরই তারা সুস্থ হয়ে যাবে।