শাহজাদপুরে প্রতিমা ভাঙচুর, রাঙ্গুনিয়ায় মন্দিরে আগুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গত মঙ্গলবার রাতে দুটি মন্দিরের ১১টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। একই রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুন দেওয়া হয়েছে আরেকটি মন্দিরে। এতে মন্দিরটির আসবাব পুড়ে যায়। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের জামিরতা উত্তরপাড়ার কালীমন্দির ও হরিমন্দির দুটি শত বছরের পুরোনো। মঙ্গলবার গভীর রাতে পাশাপাশি অবস্থিত দুটি মন্দিরে কে বা কারা ১১টি প্রতিমা ভাঙচুর করে। তাণ্ডবের পর দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় পাশেই মন্দিরের সেবায়েত জ্যোতিষ চন্দ্র ঘোষ ও পার্শ্ববর্তী আয়নাল হোসেনের বিশাল দুটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্দির কমিটির অন্যতম সদস্য স্বপন সান্যাল বলেন, মধ্যরাতে আগুন দেখে এলাকাবাসী ঘরের বাইরে বেরিয়ে আসে। তারা অনেক চেষ্টার পর খড়ের পালা দুটির আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অল্পের জন্য রক্ষা পায় এলাকার শতাধিক ঘরবাড়ি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক মিয়া বলেন, দক্ষিণ রাজানগরের রাজাভুবন শিবমন্দিরে মঙ্গলবার গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে গুলির শব্দ শুনে এলাকাবাসী জেগে ওঠে। এ সময় তারা শিবমন্দিরে আগুন দেখে দ্রুত ঘটনাস্থলে যায়। আগুনে মন্দিরের আসবাবপত্র পুড়ে যায়। তবে প্রতিমাগুলো অক্ষত রয়েছে।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (ওসি) মো. ওয়ালিউল্লাহ অলি বলেন, কে বা কারা মন্দিরে আগুন দিয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগুনে মন্দিরের পুরোহিতের ঘরটিও পুড়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হচ্ছে।