শাহজাদপুরে প্রাইভেটকারে আগুন, মাইক্রোবাস ভাঙচুর, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবরকে কেন্দ্র করে জনতার হাতে একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মাইক্রোবাস ভাঙচুর এবং প্রাইভেটকার ও মাইক্রোবাসের ছয়জন যাত্রী গণপিটুনির শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার খুকনি বাজারে। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।জানা গেছে, গতকাল পাবনার চাটমোহর থেকে একটি মাইক্রোবাসযোগে (ঢাকা মেট্রো-ঘ-১২-৪৫৬৭) চার ব্যক্তি এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন তাঁদের মা রোজীকে নেওয়ার জন্য আসেন। শাহজাদপুর-এনায়েতপুর সড়ক হয়ে যাওয়ার পথে বেতকান্দিতে মাইক্রোবাসটিকে থামিয়ে দুজন লোক তাঁদের এক শিশু অপহরণ করে সামনের অপর একটি মাইক্রোবাসে নিয়ে যাওয়া হচ্ছে বলে উঠে পড়ে। এ সময় বেতকান্দি এলাকা থেকে শিশু অপহরণের ঘটনাটি মুঠোফোনে বিভিন্ন স্থানে এবং এনায়েতপুর থানার পুলিশকে জানানো হয়। এই মাইক্রোবাসের সামনে একটি ইনস্যুরেন্স কোম্পানির একটি প্রাইভেটকারও (ঢাকা মেট্রো-গ-১৪-৩০১২) যাচ্ছিল। এই গাড়ি দুটি বেতকান্দি বাজার থেকে তিন কিলোমিটার দূরে খুকনি বাজারে এলে মুঠোফোনের খবরের পরিপ্রেক্ষিতে স্থানীয় জনতা মাইক্রোবাস ও প্রাইভেটকারটিকে আটকে দেয়। এ সময় মাইক্রোবাসে বেতকান্দি থেকে উঠা দুজন জনতার মধ্যে নেমে পালিয়ে যায়। এলাকাবাসী এই গাড়িতে কথিত অপহূতদের না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। জনতা প্রাইভেটকারটি খুকনি হাইস্কুল মাঠে নিয়ে আগুন ধরিয়ে দেয়, মাইক্রোবাসটি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে যাত্রীদের উদ্ধার করে। এ ঘটনায় প্রাইভেটকারের মালিক ওই ইনস্যুরেন্স কোম্পানির যুগ্ম পরিচালক গোলাম মোস্তফা, চালক এন্তাজ আলী, মাইক্রোবাসের চালক চাটমোহরের জহুরুল ইসলাম গুরুতর আহত হন।