শাহজাদপুরে বাসের চাপায় এএসআই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের চাপায় শাহজাদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জামিল হোসেন (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় সুকুমার রায় (৩৮) নামের এক কনস্টেবল আহত হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে নগড়বাড়ী-বগুড়া মহাসড়কের নূকালীতে এই দুর্ঘটনা ঘটে। জামিলের বাবার নাম মকবুল হোসেন। তাঁর বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুঠিপাড়া গ্রামে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম ইকবাল জানান, জামিল ও সুকুমার রায় মামলার নোটিশ দিতে থানা থেকে মোটরসাইকেলে করে বাঘাবাড়ী যাচ্ছিলেন। নূকালী নামক স্থানে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সুকুমার ছিটকে পড়েন। জামিল মোটরসাইকেলসহ কোচের নিচে আটকে যান। এ অবস্থায় বাসটি প্রায় অর্ধকিলোমিটার মোটরসাইকেলসহ জামিলকে হিঁচড়ে নিয়ে যায়। এতে জামিল নিহত হন।
অপর এক দুর্ঘটনায় গত বৃহস্পতিবার সকালে দিনাজপুরের সেতাবগঞ্জে একটি বাসের চাপায় আটজন আহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সেতাবগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে ঘাতক বাসটিসহ দুটি বাস পুড়িয়ে দেয়। এরপর দিনাজপুর থেকে সেতাবগঞ্জ হয়ে পীরগঞ্জ পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন দিনাজপুরের বাসমালিকেরা।