শাহজাদপুরে বিএনপির কার্যালয় উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির কার্যালয় উচ্ছেদ করা হয়েছে। জেলা পরিষদের সম্পত্তির ওপর অবৈধভাবে নির্মাণ করার অভিযোগে উপজেলা প্রশাসন গতকাল মঙ্গলবার এটি উচ্ছেদ করে। গতকাল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম আহমেদের নেতৃত্বে র‌্যাব ও পুলিশের সদস্যরা শাহজাদপুর পৌর শহরের মনিরামপুর বাজারে অভিযান চালান। এ সময় তাঁরা সেখানে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের অবকাঠামো (একটি টিনশেড ভবন) ভেঙে ফেলেন।শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন অভিযোগ করেন, কিছুদিন আগে কার্যালয়টি অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত করে কার্যালয়টি স্থানান্তর করার জন্য নোটিশ দেওয়া হয়। প্রকৃত অর্থে কার্যালয়টি যে জমির ওপর নির্মাণ করা হয়েছে, তাঁর মালিক নছির কেরানি নামের এক স্থানীয় ব্যক্তি। মালিকের নামে কাগজপত্রও রয়েছে। তার পরও প্রশাসন কার্যালয়টি ভেঙে ফেলেছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ জানান, শাহজাদপুর মৌজার এসএ ৫৭০১ ও ৫৭০২ নম্বর দাগে জেলা পরিষদের ৫৮ শতাংশ জমি আছে। এর মধ্যে এক শতাংশ জমিতে অবৈধভাবে বিএনপি কার্যালয়টি নির্মাণ করেছে। সেলিম আহমেদ আরও জানান, চার মাস আগে জেলা পরিষদের পক্ষ থেকে ওই জমিতে বহুতল বাণিজ্যিক মার্কেট নির্মাণ করার জন্য অবৈধ স্থাপনা হিসেবে বিএনপির কার্যালয়টি উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। সে অনুযায়ী কার্যালয়টি ভেঙে ফেলার নোটিশও দেওয়া হয়েছিল। কিন্তু না ভাঙার কারণে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে গতকাল বিএনপির কার্যালয় উচ্ছেদ করা হয়। তবে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হলে মার্কেট নির্মাণের পর নিচতলায় একটি কক্ষ অফিস করার জন্য বন্দোবস্ত দেওয়া হবে।