শাহজাদপুরে ব্যবসায়ী কাজীপুরে শ্বশুর খুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ব্যবসায়ী তারিকুল ইসলাম (২৫) ও কাজীপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর সোলায়মান হোসেন (৫৫) খুন হয়েছেন।পুলিশ ঘাতক জামাই আবুবক্কার সিদ্দিককে গ্রেপ্তার করেছে। থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল নিয়ে কাজীপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের আবুবক্কার সিদ্দিকের সঙ্গে তাঁর স্ত্রীর দ্বন্দ্ব চলে আসছিল। সমপ্রতি এ নিয়ে তাঁর শ্বশুর সোলায়মান হোসেনের সঙ্গে নতুন করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় আবুবক্কার তাঁর শ্বশুরকে সঙ্গে করে বাড়ি থেকে যমুনা নদীর পাড়ে পলাশপুর গ্রামে যান। সেখানে একটি ভুট্টাখেতে নিয়ে শ্বশুরকে পেটে ছুরিকাঘাত করে হত্যার পর লাশ নদীর পাড়ে ফেলে রাখেন। অন্যদিকে গতকাল বুধবার সকালে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের ফেচুয়ামারা গ্রামের যমুনা নদীর দুর্গম চর এলাকা থেকে ব্যবসায়ী তারিকুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) কংকন কুমার বলেন, লাশটি দুর্গম চরে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাঁকে গলা কেটে হত্যা করেছে।