শাহজাদপুরে বয়লার বিস্ফোরণে একজন গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি চাতালের বয়লার বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। উড়ে গেছে আশপাশের তিনটি বসতঘর। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে ওই গ্রামের আবদুল আজিজ নামের এক ব্যক্তির ধানের চাতালের বয়লার বিস্ফোরিত হয়। এ সময় বয়লারের লোহার পাত প্রায় ২০০ ফুট উঁচু হয়ে দূরে ছিটকে পড়ে এবং পাতের আঘাতে আশপাশের তিনটি বসতঘরের টিনের চাল উড়ে যায়। বয়লারের গরম পানি ও আগুনে চাতালে কর্মরত শ্রমিক শামসুল ইসলামের শরীর ঝলসে যায়। তাঁকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। গাড়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, বিস্ফোরণের পর চাতালটি আবাসিক এলাকা থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি ব্যবস্থা নেবেন।