শাহজাদপুরে ভেজাল দুধের কারখানা মালিককে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঘোষপাড়া এলাকায় গতকাল শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন। ভেজাল দুধ তৈরির অপরাধে ওই কারখানার মালিককে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।এ সময় কারখানার ভেজাল দুধ ও অন্যান্য সামগ্রী ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ঘোষপাড়ার বীরেন্দ্রনাথ ঘোষের বাড়িতে ভেজাল দুধের ওই কারখানার সন্ধান পাওয়া যায়। ওই কারখানা থেকে প্রায় ৫০ মণ ভেজাল দুধ, ৮০ মণ ছানার পানি, ১০ মণ ছানা ও ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করা হয়। পরে এলাকাবাসীর সামনে এসব উপকরণ ধ্বংস করা হয়। অভিযান চলাকালে স্থানীয় কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউল হক ও বেশ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ইউএনও রাসেল সাবরিন প্রথম আলোকে জানান, ওই গ্রামে আরও ভেজাল দুধের কারখানা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। । শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন সরকার জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।