শাহজাদপুরে মেয়রের ভাই ও তাঁর গাড়িচালকের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম হত্যা মামলায় পৌর মেয়র হালিমুল হকের ছোট ভাই হাবিবুল হক ওরফে মিন্টু ও তাঁর গাড়িচালক শাহীন আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার উভয় পক্ষের শুনানি শেষে শাহজাদপুরের বিচারিক হাকিম মো. হাসিবুল হক মামলার অধিকতর তদন্তের স্বার্থে এই রিমান্ড মঞ্জুর করেন।

১৩ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম দুজনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে বিচারক শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

এ ছাড়া শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধরের আরেকটি মামলায় প্রধান আসামি মেয়র হালিমুল হকের জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পিপি আবুল কাশেম নিশ্চিত করেন।

আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সিরাজগঞ্জ কারাগার থেকে পুলিশের কড়া পাহারার মধ্য দিয়ে দুই আসামিকে শাহজাদপুরের আদালতে হাজির করা হয়। এ উপলক্ষে আদালত চত্বরসহ পুরো উপজেলা পরিষদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

১৩ ফেব্রুয়ারি মেয়র হালিমুল হকসহ ছয়জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তাঁদের সিরাজগঞ্জ জেলা সদরের গোয়েন্দা পুলিশ (ডিবি) সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ২ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম। পরের দিন ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় হাকিমের স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। আর মারধরের ঘটনায় বিজয় মাহমুদের চাচা এরশাদ আলী বাদী হয়ে আরেকটি মামলা করেন। এ পর্যন্ত দুটি মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আটজন রিমান্ডে রয়েছেন।

এদিকে সাংবাদিক আবদুল হাকিম হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সকালে সিরাজগঞ্জ শহরের এস এস রোডে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।