শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খবরে আনন্দ
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হচ্ছে—এমন খবরে গত শুক্রবার শাহজাদপুর পৌর শহরে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান দাবি করেন, তিনি বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী আগামী ২৫ বৈশাখ শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে কবির ১৫৪তম জন্মবার্ষিকীর উৎসবে যোগ দেওয়া এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে সম্মতি দেন।
তবে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান গত শুক্রবার প্রথম আলোকে বলেন, শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। মন্ত্রণালয় সেভাবেই অগ্রসর হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার রাতেই বিশ্ববিদ্যালয় স্থাপনের খবর ছড়িয়ে পড়ায় শাহজাদপুরবাসী আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। শুক্রবার সকালে পৌর শহরে বিশাল আনন্দ শোভাযাত্রায় রংবেরঙের ফেস্টুন আর বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন অনেকে। মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয়। পরে মিষ্টি বিতরণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। শোভাযাত্রায় প্রশাসনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ বলেন, এবার বিশ্বকবির ১৫৪তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান শাহজাদপুরের কাছারিবাড়িতে অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে যোগ দিতে শাহজাদপুরে আসছেন। ইতিমধ্যেই এই আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।