সিরাজগঞ্জের শাহজাদপুর ও কুষ্টিয়ার শিলাইদহসহ বিভিন্ন স্থানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী উদ্যাপন শুরু হয়েছে। রবীন্দ্র কাছারিবাড়ি চত্বরে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কুষ্টিয়ার শিলাইদহেও থাকবে বলে জানিয়েছেন তিনি। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: গতকাল সকালে শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি চত্বরে রবীন্দ্র মিলনায়তনে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু রবীন্দ্রনাথ কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করতেন, সেখানেও তাঁর অনেক স্মৃতি রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস শিলাইদহে থাকবে।জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ চয়ন ইসলাম, শফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক, নাসিম উদ্দীন মালিথা, উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান, বেসরকারি মুঠোফোন কোম্পানি রবির কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু প্রমুখ।শাহজাদপুর শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশিত সূচনা সংগীতের মধ্য দিয়ে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়। পরে প্রধান অতিথি শাহজাদপুর উপজেলার ডায়া-জামিরতা সড়কটি শহীদ মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়া সড়ক নামে নামফলক উন্মোচন, বিকেলে উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামে তফসির মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে বিনা মূল্যে একটি স্বাস্থ্য-ক্যাম্পের উদ্বোধন করেন। বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন আবদুল খালেক।এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন হবে এ ঘোষণায় গতকাল বিকেলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পৌরশহরে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম। মিছিলে সর্বস্তরের মানুষ অংশ নেন।কুষ্টিয়া ও কুমারখালী: শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়িতে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও গ্রামীণ উৎসব। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমী ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীদের উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের শুরু হয়। কবির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কবিভক্ত হাজার হাজার মানুষের পদচারণে শিলাইদহ কুঠিবাড়ি চত্বর মেতেছে উৎসবের বন্যায়।জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ সুলতানা তরুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহাবুদ্দিন খান। প্রধান আলোচক ছিলেন গবেষক আবুল আহসান চৌধুরী। বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মুহ. জমির উদ্দীন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি ম. মনিরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন বেসরকারি মুঠোফোন কোম্পানি রবির আঞ্চলিক ব্যবস্থাপক ফকরুল আলম।কুষ্টিয়া শহরে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম স্মৃতিবিজড়িত ‘টেগর লজে’ কুষ্টিয়া পৌরসভা আয়োজন করে প্রভাতী অনুষ্ঠানের। কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল আহসান চৌধুরী। সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সদস্যরা।