শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চলছেই। এই দাবিতে গতকাল শনিবার উপজেলার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এতে স্থানীয় লোকজন ও সুধীজনেরা অংশ নেন। শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ জমিতেই বিশ্ববিদ্যালয়টি নির্মাণের দাবি জানান তাঁরা।সকালে শাহজাদপুর কাচারিবাড়ি চত্বরে এক সমাবেশ হয়। এতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবিউল ইসলাম খান বলেন, ‘রবীন্দ্রনাথ এখানে কৃষকদের স্বাবলম্বী করতে হাজার হাজার একর জমি বিতরণ করেন। এর মধ্যে প্রায় ২৫০ একর জমি এখনো অব্যবহূত রয়েছে। এ জমিতেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা সম্ভব।’সাবেক পৌর মেয়র হালিমুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জমি। শাহজাদপুরে কবির নিজস্ব জমিই আছে। কুষ্টিয়াতে কোনো জমি নেই। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন হেলাল আহমেদ, আব্দুস সামাদ ফকির ও রামচন্দ্র সাহা।গতকাল নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুর বিসিক ও তালগাছী বাসস্ট্যান্ডে একই দাবিতে মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এ ছাড়া সিরাজগঞ্জ শহরে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করেছে। শহরের চৌরাস্তা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা।