শাহজাদপুরে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন উপলক্ষে প্রস্তুতি সভা
জাতীয় পর্যায়ের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গত রোববার সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কাচারিবাড়ির রবীন্দ্র মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাসিবুর রহমান।
জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জান্নাত আরা তালুকদার, আসাদ উদ্দীন, কাজী শওকত প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, এবার রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী অনুষ্ঠান জাতীয়ভাবে শাহজাদপুরে আয়োজন করা হয়েছে। এ জন্য সরকারিভাবে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে ‘সভ্যতা সংকট ও বিশ্ব ভাবনা’।
প্রধান অতিথি সাংসদ হাসিবুর রহমান বলেন, জাতীয়ভাবে আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আনা হবে। প্রস্তুতি সভায় সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। একই সঙ্গে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।