শাহজাদপুরে সংঘর্ষে আহত ২৫
বাজারে আনারস কেনাবেচাকে কেন্দ্র করে গত দুই দিনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে এবং পাঁচটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার পোরজোনা ইউনিয়নের পোরজোনা হাটের দোকানে বড় মহারাজপুর গ্রামের আজম মিয়া আনারস বিক্রি করছিলেন। এ সময় ছোট মহারাজপুর গ্রামের নিলু আনারস কিনতে এলে তাঁর সঙ্গে আজমের দামাদামি নিয়ে কথাকাটাকাটি ও মারামারি হয়। বিষয়টি জানাজানি হলে বিকেলেই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনার জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ছোট মহারাজপুরের লোকজন বড় মহারাজপুর গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। কিছুক্ষণ পর শাহজাদপুর থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে পুলিশ কনস্টেবল মজিবর রহমান (৩৫) আহত হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে ২৫ জন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এএসপি মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাস্থল থেকে সোলায়মান ও আবু সাঈদ নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।