শাহজাদপুরে সংঘর্ষে একজন নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের সন্তোষা গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ইদ্রিস শেখ (৫০) নামের এক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, বিগত ইউপি নির্বাচন এবং খাসজমির দখল নিয়ে সন্তোষা গ্রামের ইদ্রিস শেখের সঙ্গে আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। একটি মামলার দিন ধার্য থাকায় গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ইদ্রিস শেখ একটি নৌকাযোগে সাক্ষীদের নিয়ে সিরাজগঞ্জ শহরে আদালতের পথে রওনা হন।পথে প্রতিপক্ষ আনোয়ারের লোকজনের ধাওয়া খেয়ে তাঁরা ফিরে যান। পরে উভয় পক্ষ লাঠি, ফালা, সড়কিসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ফালার আঘাতে ইদ্রিস শেখ ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের বেড়া ও শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।