সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র হালিমুল হকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এতে তিনি ডান হাত ও চোখে আঘাত পেয়েছেন। গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এর আগে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে হালিমুল হককে সমর্থন দেওয়ার প্রতিবাদ জানিয়ে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশ করেন। দুপুরের দিকে তাঁরা বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করেন।জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে হালিমুল হককে মেয়র হিসেবে সমর্থন দেওয়ার খবর শাহজাদপুরে পৌঁছালে গতকাল সকালে আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা মিছিল করেন। পরে এক সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা আবুল কাশেম, সাইফুল ইসলাম, মোফাজ্জল হোসেন মোফা প্রমুখ। দুপুর একটার দিকে তাঁরা বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে দেন। পরে স্থানীয় সাংসদ চয়ন ইসলাম ঘটনাস্থলে পৌঁছে নেতা-কর্মীদের আশ্বাস দিলে বেলা আড়ইটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। সন্ধ্যার দিকে হালিমুল হক তাঁর সমর্থকদের নিয়ে মনিরামপুর বাজারে গণসংযোগে বের হন। এ সময় ২০-২৫ জন সন্ত্রাসী এসে তাঁর ওপর অতর্কিত হামলা চালালে তিনি গুরুতর আহত হন। এদিকে তৃণমূলের ভোটে শাহজাদপুর কলেজের সাবেক সহসভাপতি আবদুর রহিমকে শাহজাদপুর পৌরসভায় মেয়র পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের পক্ষে সমর্থন দেওয়া হয়। কিন্তু কেন্দ্র থেকে হালিমুল হককে সমর্থন দেওয়া হয়। হালিমুল হক এর আগে আওয়ামী লীগের বহিষ্কৃত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র নির্বাচিত হয়েছিলেন।শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসিবুর রহমান জানান, তৃণমূল নেতা-কর্মীদের ভোটে আবদুর রহিমকে মেয়র পদে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে। সে অনুযায়ী দলীয় নেতা-কর্মীরা তাঁর পক্ষেই কাজ করছিলেন। সাংসদ চয়ন ইসলাম জানান, হালিমুল হক বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে দেওয়ার নোটিশ দিয়ে সমালোচিত হয়েছিলেন।হালিমুল হক প্রথম আলোকে বলেন, ‘গণসংযোগ চালানোর সময় হারুন, মাসুদ, মিঠু, নওশাদসহ ২০-২৫ জন সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়।’ বহিষ্কার প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় আওয়ামী লীগ অগঠনতান্ত্রিকভাবে তাঁকে বহিষ্কারের জন্য রেজুলেশন করে জেলা কমিটির কাছে পাঠিয়েছিল। কিন্তু জেলা আওয়ামী লীগ তা প্রত্যাখ্যান করেছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।