শাহজাদপুরে সাংসদকে নাগরিক সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ বিল জাতীয় সংসদে পাস হওয়ায় স্থানীয় সাংসদ মো. হাসিবুর রহমানকে গতকাল শনিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। এ জন্য মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা বন্ধ করে ওই অনুষ্ঠানে নেওয়া হয়।
শাহজাদপুর হাইস্কুল মাঠে নাগরিক কমিটির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। এর আগে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
নাগরিক কমিটির আহ্বায়ক এম এ আবদুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান প্রমুখ।
শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেয়। মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা থাকলেও পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পত্রাদেশের পরিপ্রেক্ষিতে পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল কাদের বিশ্বাস বলেন, প্রধান শিক্ষকেরা যদি ছুটির ব্যবস্থা করতে পারেন তাহলে তাঁদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তবে এটি বাধ্যতামূলক ছিল না।