শাহজাদপুরে সাতটি বিদ্যালয়ে বিনা মূল্যে দুধ বিতরণ
সরকার শিশুদের অপুষ্টি দূর করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বছরব্যাপী বিনা মূল্যে পাস্তুরিত তরল দুধ বিতরণ কর্মসূচি চালু করেছে। মিল্ক ইউনিয়ন ও বিশ্ব খাদ্য সংস্থা এর উদ্যোক্তা।গত শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পরীক্ষামূলকভাবে সাতটি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শাহজাদপুরের রাউতারা প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পের লক্ষ্য হলো শিশুদের অপুষ্টি দূর করা ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমিয়ে এনে তাদের পড়াশোনায় মনোযোগী করা। তিনি বলেন, সমবায় ব্যবস্থা জোরদার করতে বর্তমান সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়ন করেছে এবং নতুন নতুন প্রকল্প হাতে নিয়েছে। উপজেলার সাতটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সপ্তাহে ছয় দিন প্যাকেট দুধ বিতরণ করা হবে। মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম, সমবায় অধিদপ্তরের নিবন্ধক মো. হুমায়ূন কবির, মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি রোসনে মার্কেসিস, এফএওর কর্মকর্তা ভিনোদ আউজা, জেলা প্রশাসক বিল্লাল হোসেন প্রমুখ।