শাহজাদপুরে স্কুল শিক্ষিকা খুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় হাফিজা আক্তার (২৮) নামের এক স্কুলশিক্ষিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে৷ গতকাল মঙ্গলবার রাতে উপজেলার এনায়েতপুর থানার মুলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে শিক্ষিকার স্বামী ও শ্বশুর পলাতক রয়েছেন। এ ঘটনায় এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এনায়েতপুর থানার সাতবাড়িয়া গ্রামের আহমদ আলীর মেয়ে হাফিজার সঙ্গে সম্প্রতি একই থানার মুলকান্দি গ্রামের স্কুলশিক্ষক আমির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর হাফিজা উপজেলার মালতিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন৷ তবে তাঁর বেতনের পুরোটা নিয়ে নিতেন স্বামী ও শ্বশুর। উপরন্তু বাবার বাড়ি থেকে আরও টাকা আনতে হাফিজার ওপর তাঁরা চাপ সৃষ্টি করতেন৷ এ নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। গত সোমবার রাতে এ নিয়েই বাগ্বিতণ্ডার একপর্যায়ে স্বামী তাঁকে মারধর করেন। কিন্তু পরদিন দুপুর পর্যন্তকাউকে না দেখে প্রতিবেশীরা গিয়ে ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান৷